কাউন্সিলর নিখোঁজ, যশোর-বেনাপোল সড়ক অবরোধ
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র (কাউন্সিলর) ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তারিকুল আলম নিখোঁজ হওয়ার প্রতিবাদে যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে রেখেছেন এলাকাবাসী।
শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে তিনটা এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল। তুহিন বেনাপোল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ডা. ইউসুফ আলমের ছেলে।
যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল বলফিল্ড এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সহিংস ঘটনার আতঙ্কে বেনাপোল বাজারের সকল দোকান পাট বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার দুপুরের পর থেক কাউন্সিলর তারিকুল আলম তুহিনের কোনো সন্ধান পাওনা যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে বলে তার পারিবারিক সূত্র জানায়।
এদিকে, গত ৩ মার্চ বেনাপোলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। মেয়র আশরাফুল আলম লিটন ও প্যানেল মেয়র তারিকুল আলম তুহিন গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিন রাতে র্যাব তুহিনের বাড়িতে হানা দেয়। এ সময় তুহিন বাড়িতে ছিলেন। পরদিন সকালেই তিনি ঢাকায় চলে যান।
তিনি ঢাকার শেরে বাংলা নগর ন্যামফ্যাটের শার্শা-১ আসনের সংসদ সদস্য আফিল উদ্দিনের কাছে অবস্থান করেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। তারপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
কাউন্সিলর তুহিনের বড় ভাই বেনাপোল কলেজের প্রভাষক শরিফুর আলম শাহিন জানান, পরিকল্পিতভাবে তার ভাইকে অপহরণ করা হয়েছে। এ ব্যাপারে ঢাকার শেরে বাংলা নগর থানায় আসাদুজ্জামান নামে তার এক আত্মীয় জিডি করেছেন।
এ ব্যাপারে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তুহিন নিখোঁজের ঘটনায় বেনাপোল বন্দর এলাকায় অবরোধ করেছে এলাকাবাসী। সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।


সাধারণ বিভাগ
আবহাওয়া











