Amardesh
আজঃঢাকা, শুক্রবার ৮ মার্চ ২০১৩, ২৪ ফাল্গুন ১৪১৯, ২৫ রবিউস সানি ১৪৩৪ হিজরী    আপডেট সময়ঃ রাত ১২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 আমার দেশ-এর সাথে আছেন তো?
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

প্রস্তুতি চলছে নির্বাচনের : শ্যাভেজের শেষকৃত্যানুষ্ঠান আজ

রয়টার্স
« আগের সংবাদ
পরের সংবাদ»
ভেনিজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের কফিন নিয়ে দেশটির রাজধানী কারাকাসের রাস্তায় শোকাহত লাখো মানুষ বুধবার মিছিল করে। শোকমিছিলে শ্যাভেজের কফিনটি ভেনিজুয়েলার নীল, লাল আর হলুদ রঙের বিন্যাসে গড়া জাতীয় পতাকা দিয়ে জড়ানো ছিল। লাখ লাখ মানুষ প্রিয় নেতার শববাহী কফিনটিকে অনুসরণ করে। তারা ফুল দিয়ে, স্লোগানে স্লোগানে শ্রদ্ধা জানায় প্রিয় প্রেসিডেন্টের প্রতি।
অনেকেই শ্যাভেজের আলোকচিত্রের প্ল্যাকার্ড বহন করে, যেখানে লেখা ‘আমি শ্যাভেজকে ভালোবাসি’। কেউবা শ্যাভেজের ছবিসহ টি-শার্ট পরেই যোগ দেয় মিছিলে। কফিনটি যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়, ওই রাস্তার দু’পাশের বাড়ির ছাদ থেকেও অনেকে চিত্কার করে তাদের আবেগ প্রকাশ করে।
লাতিন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে বিবেচিত শ্যাভেজ দুই বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার মাত্র ৫৮ বছর বয়সে মারা যান। তার শবদেহ কারাকাসের সেনা একাডেমিতে নিয়ে যাওয়া হয়। আজ তার শেষকৃত্যানুষ্ঠানের আগ পর্যন্ত সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তার কফিন সংরক্ষিত থাকবে।
ভেনিজুয়েলার দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে নিরন্তর কাজ করে যাওয়া শ্যাভেজের উত্তরসূরি বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপরই এখন তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার দায়িত্ব। শ্যাভেজ নিজেই দীর্ঘদিনের সঙ্গী মাদুরোকে তার উত্তরসূরি নির্বাচন করেছেন।শ্যাভেজের প্রয়াণের পর মাদুরো দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আমরা জনগণকে এই শোক কাটিয়ে শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।
সাবেক বাসচালক ও ইউনিয়ন নেতা ৫০ বছর বয়সী মাদুরোকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে মধ্যপন্থী নেতা হেনরিক ক্যাপরিলেসকে মোকাবিলা করতে হবে। হেনরিক বর্তমানে মিরান্ডা প্রদেশের গভর্নর।ভেনিজুয়েলার বিরোধী দলগুলো এবং ক্যাপরিলেস আরও একবার প্রেসিডেন্ট নির্বচানে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। গত বছর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হুগো শ্যাভেজের কাছে পরাজিত হলেও ৪৪ ভাগ ভোট পেয়েছিলেন। আর এটিই ছিল শ্যাভেজের বিরুদ্ধে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বীর সবচেয়ে ভালো ফলাফল।
দেশটির সাম্প্রতিক জনমত জরিপে দেখা যাচ্ছে, মাদুরো ৪০ বছর বয়সী ক্যাপরিলেস থেকে বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। ধারণা করা হচ্ছে, শ্যাভেজের মৃত্যুর কারণে দেশজুড়ে যে আবেগের জন্ম হয়েছে, সেটা কাজে লাগিয়ে মাদুরো আসন্ন নির্বাচনে সহজেই উতরে যাবেন। আর মাদুরো বিজয়ী হলে টিকে যেতে পারে দেশটির সমাজতান্ত্রিক বিপ্লব। এদিকে সামরিক একাডেমিতে পৌঁছানোর আগে শ্যাভেজের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শ্যাভেজের মা ও দুই মেয়ে, দক্ষিণ আমেরিকার বিপ্লবী নেত্রী ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দ্য ক্রিসনার, বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসসহ শ্যাভেজের নিকটাত্মীয় ও উপদেষ্টারা।
ভেনিজুয়েলার নীতিনির্ধারকরা জানান, সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য ৩০ দিনের মধ্যেই নির্বাচন দিতে হবে। তবে ঠিক কবে এ নির্বাচন হবে, এ ব্যাপারে কোনোকিছু জানায়নি তারা।
প্রায় দুই বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার রাজধানী কারাকাসের একটি সামরিক হাসপাতালে মারা যান ৫৮ বছর বয়সী শ্যাভেজ। রাষ্ট্রীয় টেলিভিশনে বাষ্পরুদ্ধ কণ্ঠে ভেনিজুয়েলাবাসীকে প্রেসিডেন্টের মৃত্যুর খবর জানান ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।