Amardesh
আজঃঢাকা, শুক্রবার ৮ মার্চ ২০১৩, ২৪ ফাল্গুন ১৪১৯, ২৫ রবিউস সানি ১৪৩৪ হিজরী    আপডেট সময়ঃ রাত ১২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 আমার দেশ-এর সাথে আছেন তো?
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সিরিয়ার বিদ্রোহীদের হাতে ২১ শান্তিরক্ষী আটক : জিম্মি সেনাদের মুক্তি দিতে ফিলিপাইনের আহ্বান

বিবিসি, রয়টার্স, সিনহুয়া
পরের সংবাদ»
সিরিয়ান বিদ্রোহীরা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ২১ সদস্যকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ। সিরিয়া-ইসরাইলের সীমান্তবর্তী গোলান মালভূমি অঞ্চলে এ ঘটনা ঘটে। সিরিয়ান বাহিনী এবং বিদ্রোহীদের মাঝে চলমান সহিংসতা বন্ধে ওই অঞ্চলে কাজ করছিলেন পর্যবেক্ষকরা।
জাতিসংঘের সহকারী মুখপাত্র এডুয়ার্ডো ডেল বুয়ে জানান, নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা সেখানে গেছেন। তারা কয়েক সপ্তাহ যাবত্ সেখানকার সংঘাতময় পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু একদল সশস্ত্র ব্যক্তি তাদের আটক করে কাজে বাধা সৃষ্টি করেছে। বিদ্রোহীদের প্রচারিত এক ভিডিও ফুটেজে তাদের অস্ত্র হাতে জাতিসংঘের চিহ্ন সংবলিত গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিদ্রোহীরা নিজেদের গ্রুপকে ‘ইয়ারমুকের শহীদ’ বলে দাবি করে। গ্রুপটিতে অন্তত ৩০ সদস্য রয়েছে। ওই অঞ্চলে দ্রুত সরকারি বাহিনীর হামলা বন্ধ করার দাবিতে পর্যবেক্ষকদের আটক করা হয়েছে বলে গ্রুপটি বিবিসিকে জানায়। বিদ্রোহীদের সঙ্গে আলোচনা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতিসংঘের পক্ষ থেকে একটি বিশেষ প্রতিনিধিদল ওই স্থানে প্রেরণ করা হয়েছে। বিদ্রোহীদের পক্ষ থেকে জানানো হয়, পর্যবেক্ষকদের ওপর কোনো ধরনের নির্যাতন করা হয়নি। তাদের সঙ্গে অতিথিসুলভ আচরণ করা হয়েছে।
এদিকে গোলান মালভূমি অস্ত্রবিরতি জোনে সিরিয়ার বিদ্রোহীদের হাতে আটক জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে ফিলিপাইনের ২১ সৈন্যকে দ্রুত মুক্তি দিতে ম্যানিলা গতকাল আহ্বান জানিয়েছে। সিরিয়ার বিদ্রোহীরা বুধবার বিদ্রোহীদের একটি পর্যবেক্ষণ কেন্দ্রে ফিলিপাইনের এসব সৈন্যকে আটক করে। তারা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সদস্য। তাদের আটকের পর বিদ্রোহীরা জানায়, গোলানের একটি গ্রাম থেকে সিরিয়ার সরকারি সৈন্যদের সরিয়ে না নেয়া পর্যন্ত এসব সৈন্য তাদের হাতে বন্দি থাকবে। আরও বলা হয়, চব্বিশ ঘণ্টার মধ্যে সরিয়ে নেয়া না হলে এসব সৈন্যকে তারা যুদ্ধবন্দি হিসেবে বিবেচনা করবে। ফিলিপাইনের পররাষ্ট্র বিভাগ জানায়, ফিলিপাইন সরকার জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মরত ফিলিপাইনের ২১ সৈন্যকে দ্রুত মুক্তি দেয়ার আহ্বান জানাচ্ছে। তারা গোলান মালভূমিতে নিযুক্ত ইউনাইটেড ন্যাশন্স ডিসএনগেজমেন্ট অবজারভার ফোর্সের (ইউএনডিওএফ) সদস্য। এক বিবৃতিতে পররাষ্ট্র বিভাগ জানায়, বিদ্রোহীদের হাতে বন্দি সব জিম্মি সুস্থ রয়েছে এবং তাদের মুক্তির জন্য আলোচনা চলছে। ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল আর্নুলফো বার্গোস এএফপিকে বলেন, বিদ্রোহীরা জিম্মিদের চিকিত্সাসেবা দিচ্ছে। তিনি আরও বলেন, তারা বন্দিদের শত্রু হিসেবে বিবেচনা না করে অতিথি হিসেবে গণ্য করছে। ‘সৈন্যদের দ্রুত মুক্তি দেয়া হবে বলে আমরা আশা করছি।’ উল্লেখ্য, জাতিসংঘ ডিসএনগেজমেন্ট ফোর্স ১৯৭৪ সাল থেকে সিরিয়া ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ঘোষণা করেন, সিনিয়র বিদ্রোহী গ্রুপগুলোকে সাঁজোয়া যানবাহনসহ সামরিক সাহায্য দেবে ব্রিটেন। তার এ ঘোষণার পরপরই শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের আটক করা হয়। রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন নিরাপত্তা পরিষদে বলেন, আটকরা শান্তিরক্ষী বাহিনীর সঙ্গে কোনো সংঘাতে লিপ্ত হয়নি। এদিকে আরব লিগ থেকে বহিষ্কার হওয়া সিরিয়াকে আবার এ জোটে ফিরিয়ে আনার জন্য বুধবার আহ্বান জানিয়েছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আদনান মনসুর। সিরিয়ায় সংঘাতের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য তিনি এ আহ্বান জানান। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ৮ মাসের গণআন্দোলনের পর ২০১১ সালের নভেম্বরে আরব লিগে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়।
কিন্তু এখন সিরিয়া সঙ্কট উত্তরণে একটি রাজনৈতিক সমাধানের জন্য দেশটির সঙ্গে যোগাযোগ করা জরুরি উল্লেখ করে মনসুর বলেন, ‘আরব লিগে সিরিয়ার সদস্যপদ আবার চালুর আহ্বান জানাচ্ছি।’
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সরকার হিজবুল্লাহ গেরিলারাসহ প্রেসিডেন্ট বাশার আল আসাদ সমর্থক শিয়া ও খ্রিস্টান শরিকদের জোট নিয়ে গঠিত।
প্রতিবেশী দেশ সিরিয়া থেকে ছড়িয়ে পড়া সংঘাতমুক্ত থাকার নীতি পরিচালনার চেষ্টা করে আসছেন মিকাতি। বক্তব্যে মিকাতি বলেন, সিরিয়া বিষয়ে আরব লিগের যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানাবেন তিনি।