Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

প্রেসক্লাবে আল্টিমেটাম : নোয়াখালীতে আমার দেশ প্রতিনিধির ওপর এমপি একরাম বাহিনীর হামলা

ভ্রাম্যমাণ প্রতিনিধি
নোয়াখালীর ওপর আমার দেশ-এ অনুসন্ধানী সিরিজ প্রতিবেদন প্রকাশের কারণে ক্ষিপ্ত হয়ে জেলা প্রতিনিধি নুরুল আমিনের ওপর হামলা চালিয়েছে এমপি একরামের বাহিনী। গতকাল বিকালে স্থানীয় মাইজদীবাজার থেকে নুরুল আমিন রিকশায় যাওয়ার সময় সন্ত্রাসী মাসুদ, কালন ও খুরশিদসহ আট-দশজন এ হামলা চালায়। তারা রিকশা থেকে নামিয়ে তাকে বেধড়ক মারধর করে। এ সময় রিকশায় থাকা নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বাধা দিলে তাকেও লাঞ্ছিত করা হয়। স্থানীয় জনসাধারণ আমার দেশ প্রতিনিধিকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। ঘটনার প্রতিবাদে নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে তাত্ক্ষণিক এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি নেয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, বিজন সেন, আনোয়ারুল হক আনোয়ার, মেসবাহ-উল হক মিঠু, আবু নাছের মঞ্জু, জামাল হোসেন, আকবর হোসেন সোহাগ, আবদুর রহিম প্রমুখ। এদিকে এমপি একরাম বাহিনীর সদস্যরা গতকাল সুবর্ণচরে আমার দেশ পত্রিকায় অগ্নিসংযোগ করেছে। কোম্পানীগঞ্জে বিক্ষোভ করেছে গডফাদার মীর্জা বাহিনী। নোয়াখালী শহর মাইজদীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ও সাংবাদিকের ওপর হামলার সমর্থনে মিছিল হয় একরাম বাহিনী প্রধান বেলাল উদ্দিন কিরণের নেতৃত্বে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন কিরণ দীর্ঘদিন প্রেসক্লাব সাধারণ সম্পাদকের পদও দখল করে আছেন। গতকাল প্রেসক্লাব সাংবাদিকদের ওপর হামলা ও অশোভন আচরণের প্রতিবাদে সমাবেশ করলেও তাতে যোগ দেননি বেলাল উদ্দিন কিরণ। এ নিয়ে সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
আমার দেশ-এর ফটোকপি বিক্রি : গতকাল নোয়াখালী শহর মাইজদী, সোনাপুর ও কোম্পানীগঞ্জসহ জেলার সর্বত্র আমার দেশ-এর ফটোকপি বিক্রি হয়েছে। পত্রিকায় সকালে সংসদ সদস্য একরাম চৌধুরী ও গডফাদারদের কর্মকাণ্ডের সংবাদ থাকায় মুহূর্তেই শেষ হয়ে যায় আমার দেশ। বিক্রি হয়েছে দ্বিগুণ দামে। শেষ পর্যন্ত শুরু হয় ফটোকপি করে বিক্রি। কেবল নোয়াখালী শহরেই ৫/৬ হাজার ফটোকপি বিক্রি হয় বলে স্থানীয়রা জানান।
এদিকে হামলার ঘটনার বিষয়ে গতকাল স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরী স্থানীয় সাংবাদিকদের বলেছেন, সাংবাদিকের ওপর হামলার সঙ্গে তার সমর্থকরা জড়িত নয়। হামলাকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?