Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

তৌফিক ও জয়ের ঘুষের অভিযোগ প্রসঙ্গে জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিবাদ : সম্মানিত ব্যক্তিবর্গ আইনগত ব্যবস্থা নেয়ার অধিকার রাখেন

স্টাফ রিপোর্টার
১৭ ডিসেম্বর ২০০৯ বৃহস্পতিবার দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত ‘তৌফিক এলাহী ও জয়ের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার ঘুষ নেয়ার অভিযোগ’ শীর্ষক সংবাদটির প্রতি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। তারা দাবি করে, সংবাদটি সর্বৈব মিথ্যা, অসত্য, অমূলক, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর—সরকারের ভাবমূর্তি বিনষ্টের অপপ্রয়াস মাত্র। এ ব্যাপারে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোঃ আফরাজুর রহমান স্বাক্ষরিত প্রতিবাদপত্রটি হুবহু তুলে দেয়া হলো :
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র অর্থায়নে গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (জিটিডিপি)-এর আওতায় যথাযথ কারিগরি সমীক্ষা সম্পাদনের পর গ্যাসের চাপ বৃদ্ধি করে দেশের উত্তর ও দক্ষিণাংশে গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে মুচাই, আশুগঞ্জ ও এলেঙ্গায় তিনটি কম্প্রেসার স্টেশন স্থাপনের জন্য ২০০৪-২০০৫ সালে পরিকল্পনা গ্রহণ করা হয়। ২০০৬ সালে এ ব্যাপারে দরপত্র আহ্বান প্রক্রিয়া শুরু হয়। দরপত্র প্রক্রিয়ার একাধিক প্রচেষ্টায় সফল দর প্রস্তাব পাওয়া যায়নি। তদুপরি ঋণের অর্থ পর্যাপ্ত না হওয়ায় এডিবি’র সঙ্গে পুনরায় আলোচনাক্রমে বর্ধিত অর্থ যোগানে এডিবি’র সম্মতি গ্রহণ করা হয়। তবে এডিবি ২টি কম্প্রেসার স্থাপনের জন্য (আশুগঞ্জ ও এলেঙ্গা) অর্থ যোগানে সম্মত হয়। ২০০৯ সালে এ ব্যাপারে ২টি কম্প্রেসারের জন্য (আশুগঞ্জ ও এলেঙ্গা) পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত গৃহীত হয়। একটি কম্প্রেসার ঘাটতি থাকার প্রেক্ষিতে শেভরন তাদের সঙ্গে স্বাক্ষরিত উত্পাদন-বণ্টন চুক্তি (পিএসসি) এর আওতায় মুচাইতে কম্প্রেসার স্থাপনের প্রস্তাব দেয়। শেভরনের প্রস্তাবটি পেট্রোবাংলা পর্যায়ে এ সংক্রান্ত টেকনিক্যাল কমিটির মাধ্যমে একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রস্তাবটি যথাযথ ও গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। এছাড়া শেভরনের প্রস্তাবিত কম্প্রেসার স্টেশন স্থাপন বাবদ ব্যয়িত অর্থ পিএসসি’র আওতায় শেভরনের অনকূলে মূল্য উসুলযোগ্য। এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে কোনো নগদ অর্থ প্রদান করতে হবে না অথবা বিদেশি ঋণের অর্থ গ্রহণ করতে হবে না।
কম্প্রেসার স্থাপন প্রকল্পটি শেভরনের সঙ্গে সম্পাদিত পিএসসি’র আওতায় একটি বিনিয়োগ কর্মসূচি। এক্ষেত্রে বিনিয়োগ কর্মসূচি সংক্রান্ত নীতিমালার সকল বিধানাবলী যথাযথভাবে প্রতিপালন করা হয়েছে। তাছাড়া বিষয়টি পেট্রোবাংলা ও মন্ত্রণালয় পর্যায়ে একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। মুচাই পয়েন্টে গ্যাসের চাপ বৃদ্ধি করে ঢাকা ও সন্নিকটবর্তী এলাকায় গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্যই মুচাইতে কম্প্রেসার স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে বৈদেশিক ঋণের সহায়তায় আশুগঞ্জ ও এলেঙ্গাতে দুটি কম্প্রেসার স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, কম্প্রেসার স্টেশন স্থাপনের কার্যক্রম সময়সাপেক্ষ এবং সিদ্ধান্ত গ্রহণের পর স্থাপনার কাজ সমাপ্ত করতে ন্যূনতম ২ বছর সময় প্রয়োজন পড়ে। দ্রুত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গ্যাসের উত্পাদন বৃদ্ধি করে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলে গ্যাস নেটওয়ার্ক সম্প্রসারণ এবং বিদ্যুত্ খাতে চাহিদামতো গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য সরকার যখন একটি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে— ঠিক সে সময় দেশের স্বার্থবিরোধী মহল সরকারের এ উদ্যোগকে ব্যর্থ করার উদ্দেশ্যে ভিত্তিহীন অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিগত ৭ বছরে গ্যাস সেক্টরের উন্নয়ন স্থবিরতাকে দূরীভূত করার জন্য বর্তমান সরকারের দৃঢ় ও সময়োপযোগী পদক্ষেপ বানচাল করার জন্যই এই সর্বৈব মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে। উল্লেখ্য, পত্রিকার প্রতিবেদনে যে অভিযোগপত্রের উল্লেখ করা হয়েছে সে সম্পর্কে মন্ত্রণালয় থেকে তথ্যানুসন্ধানে জানা গেছে যে, পত্রটি বেনামি এবং আবু সিদ্দিকী কথিত অভিযোগটি উত্থাপন করেননি।
বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে যে সকল সম্মানিত ব্যক্তিবর্গের চরিত্র হননের অপচেষ্টা করা হচ্ছে তারা সঙ্গত কারণেই এ পদক্ষেপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অধিকার সংরক্ষণ করেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?