Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

জলবায়ু সম্মেলনে আবারও বিক্ষোভ : গ্রেফতার ২৫০ : আন্তর্জাতিক তহবিল গঠন প্রশ্নে হাসিনা-ব্রাউন ঐকমত্য

ডেস্ক রিপোর্ট
বায়ুমণ্ডলে দূষিত গ্যাস নির্গমন হ্রাস এবং ক্ষতিপূরণের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হওয়ায় আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আবারও অচলাবস্থা দেখা দিয়েছে। গতকাল সম্মেলন কেন্দ্রের বাইরে হাজার হাজার পরিবেশবাদী বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। গ্রেফতার হয় কমপক্ষে ২৫০ জন। সম্মেলনের সভাপতি ডেনিশ মন্ত্রী আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের বৈঠকে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি পুষিয়ে নিতে একটি আন্তর্জাতিক তহবিল গঠনে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। এপি, রয়টার্স, এএফপি, বাসস, সিএএন, বিবিসি
পৃথিবীর পরিবেশ বাঁচাতে বিভিন্ন জাতির বিশ্ব সম্মেলন আবারও হুমকির মুখে। কোপেনহেগেনে চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনে এখন পর্যন্ত কোনো অগ্রগতি না হওয়ায় জনগণ আবারও বিক্ষোভ প্রদর্শন করেছেন। গতকাল সকালে সম্মেলনস্থল বেলা সেন্টারের বাইরে হাজার হাজার জনতা বিক্ষোভ ও মিছিল করে এগিয়ে এলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে জনতার সঙ্গে সংঘর্ষ হলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরিবেশবাদী গ্রুপগুলো জানিয়েছে, পুলিশ মরিচের গুঁড়ো নিক্ষেপ এবং কুকুর লেলিয়ে দিয়ে জনতাকে ছত্রভঙ্গ করেছে। এ সময় পুলিশ কমপক্ষে ২৫০ জনকে গ্রেফতার করে। ক্লাইমেট জাস্টিস অ্যাকশন গ্রুপের মুখপাত্র ক্রিস্টিনা লারসেন জানান, তাদের কর্মীদের ঝটিকা বেগে সম্মেলনকক্ষে প্রবেশ করে একদিনের জন্য হলেও সেটাকে জনগণের সম্মেলনে পরিণত করতে বলা হয়েছিল। কিন্তু পুলিশ আগেভাগেই সতর্ক থাকায় সেটা সম্ভব হয়নি। এমনকি বেলা সেন্টার থেকেও উন্নয়নশীল দেশের প্রায় তিনশ’ প্রতিনিধি বেলা সেন্টারের বাইরে এসে বিক্ষোভ প্রদর্শন করে। তবে কংক্রিট বাউন্ডারি থাকায় তারা বাইরের বিক্ষোভকারীদের সঙ্গে মিলিত হতে পারেনি।
সম্মেলন কেন্দ্রের বাইরে বিক্ষোভের সময় ভেতরে সম্মেলনস্থলে আরও বিস্ময়কর দৃশ্যের অবতারণা হয়। কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের সভাপতি ডেনিশ মন্ত্রী কনি হেডিগার্ড পদত্যাগ করেছেন। সম্মেলনে অচলাবস্থার মুখে হঠাত্ করে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, আমার স্থলে সম্মেলনে সভাপতির দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী লার্স রকে রাসমুসেন। তিনি কি কারণে পদত্যাগ করেছেন তা জানাননি।
জলবায়ু সম্মেলনে আলোচনার মাধ্যমে একটি সমন্বিত চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে বিশ্বনেতারা কোপেনহেগেনে সমবেত হয়েছেন। অনেক বিশ্বনেতা ইতোমধ্যেই সম্মেলনস্থলে এসেছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও আসবেন কয়েকদিনের মধ্যে। আগামী ১৮ ডিসেম্বর সম্মেলনের শেষ দিন গ্যাস নির্গমন হ্রাস এবং ক্ষতিপূরণ প্রদানের ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আলোচনায় ধনী এবং দরিদ্র দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। অনেকে সম্মেলন সফল হওয়ার ব্যাপারেও সন্দিহান হয়ে পড়েছেন।
আন্তর্জাতিক তহবিল গঠনে হাসিনা ও ব্রাউন সম্মত
বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর প্রক্রিয়া নির্ধারণ এবং একটি আন্তর্জাতিক তহবিল গঠনে সম্মত হয়েছেন।
মঙ্গলবার রাতে হোটেল রেডিসনে এক বৈঠকে উভয়ে মতৈক্যে পৌঁছান।
উভয় নেতা জাতিসংঘের উদ্যোগে আয়োজিত জলবায়ু পরিবর্তন সম্মেলন ইউএনএফসিসিসি কপ-১৫-এ যোগদান উপলক্ষে বর্তমানে অন্য বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে ডেনমার্কের রাজধানীতে রয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বৈঠকের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোপেনহেগেন সম্মেলনে আন্তর্জাতিক সমপ্রদায়ের অংশগ্রহণ প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব প্রশমনে প্রয়োজনীয় করণীয় নির্ধারণে ইতিবাচক ভূমিকা রাখবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈশ্বিক উষ্ণায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব সম্প্রদায় ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সম্মিলিত চেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জোর দিয়ে বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে গিয়ে উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশগুলোর স্বাভাবিক উন্নয়ন কর্মসূচি বিঘ্নিত করা সমীচীন হবে না।
শেখ হাসিনা বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ সম্ভাব্য প্রাকৃতিক বিপর্যয় থেকে তার জনগণকে রক্ষায় নিজস্ব তহবিল থেকে বেশ কিছু কর্মসূচি শুরু করেছে।
ব্রাউন জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সামর্থ্য বৃদ্ধির জন্য বাংলাদেশকে প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার কন্যা রূপন্তি সিদ্দিকও এ সময় উপস্থিত ছিলেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?